নেত্রকোনার পূর্বধলা শ্যামগঞ্জ-বিরিশিরি রোডে মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন থেকে ১০৫০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের সময় জব্দ করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করে। ভ্রাম্যমান আদালতে ম্যানেজারকে জরিমানা।
স্থানীয় ব্যক্তিগণ জানান, আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে একটি কভারভ্যানে ৫টি ড্রামে এবং একটি পিকআপ ভ্যানে ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।
বিষয়টি স্থানীয়দের নজরে কভারভ্যান (ঢাকা মেট্রো-অ, ১১-৫৭৯০) থেকে ১০৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫) নামে তিনজনকে আটক করা হলে পরবর্তী ছেড়ে দেয়া হয়। জানা গেছে, প্রায় প্রতিদিনই রাতের বেলায় গোপনে তেল পাচার করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান জানান, অবৈধভাবে তেল পাচারের দায়ে মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আটককৃত ৩ জনকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত ডিজেল পরবর্তীতে স্থানীয় খাল খনন প্রকল্পে হস্তান্তর করা হয়েছে।