বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
বুধবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানা গেছে।
এর আগে গতবছরের মে মাসে গঠিত সর্বশেষ কমিটিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি নির্বাচন হন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তৎকালীন কমিশনার (প্রত্যাহার হয়ে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত) ড. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক হন ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লার পুলিশ সুপার) মো. আনিসুজ্জামান। তবে একাধিক বিতর্কিত ঘটনায় দীর্ঘদিন ধরে পদস্থগিত ছিল নাজমুল করিমের।
এদিকে গত ১৬ মার্চ পুলিশ সদরদপ্তরে কর্মরত মোসলেহ উদ্দিন আহমদকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমেদ। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID-এও দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ।
আর ৩০ এপ্রিল শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন করা হয়। ঢাকায় প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন। শামীমা পারভীন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম-এর স্ত্রী।
বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা সর্বশেষ পুলিশ সদরদপ্তরের এডুকেশন স্পোর্টস অ্যান্ড কালচারের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁকে পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করে রাখা হয়েছিল। শামীমা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেত্রী এবং কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে ছিলেন। (তথ্যসূত্র প্রতিদিনের কাগজ)