নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গ্যাস সিলিন্ডার ও চালের বস্তার ভেতরে লুকিয়ে ভারতীয় মদ পাচারের সময় নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজে কলমাকান্দা থানার একটি পুলিশ দল এ অভিযান পরিচালনা করে। আটক নাসিরউদ্দিন ওই ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে।
পুলিশ জানায়, একটি লাল রঙের রান্নার গ্যাস সিলিন্ডারের নিচের অংশ চারকোণা করে কেটে ভেতরে তুষ ভরে তার মাঝে মদের বোতল সাজিয়ে রাখা হয়েছিল, যাতে ঝাঁকুনিতে কোনো শব্দ না হয়। পরে পুরো সিলিন্ডারটি একটি চালের বস্তায় ঢুকিয়ে পরিবহন করা হচ্ছিল। থানায় নিয়ে সিলিন্ডার খুলে ৪৮ বোতল ভারতীয় 'ব্ল্যাক'সহ বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, 'চোরাকারবারিরা অভিনব কৌশল নিয়েছিল, কিন্তু গোপন নজরদারির কারণে তা ব্যর্থ হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।' তিনি আরও জানান, জব্দকৃত মদ ও সিলিন্ডার আটক করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।