শিশু রামিসা হত্যা; আলমডাঙ্গায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা পৌর শহরের আল-তায়েবা মোড়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা শাখা মানবাধিকার কমিশনের নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা ও প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু। তিনি বলেন, `এমন নৃশংসতা মানুষ হিসেবে আমাদের কল্পনা করাও অনুচিৎ। এ ধরনের কলুষিত ঘটনা প্রমাণ করে আমরা যেন মনুষ্যত্ব হারাতে বসেছি। আমাদেরকে ভালো মানুষ হতে হবে, হৃদয় থেকে এ ধরনের অপরাধপ্রবণতাকে ছুড়ে ফেলতে হবে। যারা এমন অপরাধ করবে তাদের তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, `মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে ওই শিশুর বাড়িতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন, সমবেদনা জানিয়েছেন এবং উপযুক্ত বিচারের নিশ্চয়তা দিয়েছেন। আমরা সকলেই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। এমন দৃষ্টান্তের উদাহরণ চাই, যেন ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা ঘটানোর সাহস না দেখায়।‘
বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতির বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি আল-আমিন পরশ।