
প্রথমে ধর্ষণ ও অপহরণ মামলা পরে জাল দলিল দিয়ে নামজারি সাংবাদিকের জমি দখলের চেষ্টা
নেত্রকোনায় সাংবাদিক সুমন রাহাতের পৈতৃক জমি জাল দলিল তৈরি, মিথ্যা মামলা দিয়ে জমি দখলের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শরাফ উদ্দীন খান পাঠান, সবুজ খান পাঠান ও এরশাদ খান পাঠান—এই তিন ভাইয়ের বিরুদ্ধে একটি সংঘবদ্ধভাবে ভূমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।
স্হানীয় সূত্রে জানা যায় সাংবাদিক সুমন রাহাত একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর তাকে টার্গেট করে শরাফ উদ্দীন খান পাঠানের মেয়ে দিয়ে অপহরণ ও ধর্ষণ সহ তিনটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার আড়ালে তাকে হয়রানি করা হয় বলে দাবি করেন ভুক্তভোগী।
পরবর্তীতে জমির দলিলের তপসিল পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে চার ভাইয়ের নামে নামজারি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এতে জমিতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ভুক্তভোগী সাংবাদিক সুমন রাহাত বলেন,
“প্রতিবেদন প্রকাশের পরপরই আমাকে একে একে তিনটি মামলা দিয়ে হয়রানি করা হয়। পরে জানতে পারি আমার জমির দলিল পরিবর্তন করে নামজারি করা হয়েছে। এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনের তদন্তের অপেক্ষায় রয়েছে পুরো এলাকা।