জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ অত্যন্ত আনন্দঘন ও শিক্ষণীয় পরিবেশে কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজ পৃথিবী গড়ার গুরুত্ব তুলে ধরাই ছিল এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিঃ বনিফাস খংলা। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী পাবে।
সভায় সভাপতিত্ব করেন মিঃ বিধনা ভূষণ চক্রবর্তি প্রধান শিক্ষক জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। তিনি পরিবেশ দূষণের ভয়াবহতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তিনি বলেন, আজকের এই ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে সক্ষম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিতাস জামালগঞ্জ উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। এছাড়াও সভা সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক পলাশ দাস, সম্রাজ মিয়া ও নিশা রানী দাসসহ জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে একটি করে পেয়ারা গাছ ও একটি করে জলপাই গাছ বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এই উদ্যোগকে অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে গ্রহণ করে এবং নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় এলাকায় গাছ লাগানোর প্রতিশ্রুতি দেয়।
কারিতাস বাংলাদেশের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।