গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-চানপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চার সদস্য চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একে একে মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গত ১২ জুন ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পরিবারের কর্তা আব্দুল মান্নান (মান্নান মিয়া) (৪৫), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে সিয়াম (১৯) এবং মেয়ে আফসানা আক্তার মিম (১১)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সুলতানা বেগম ১৩ জুন, আব্দুল মান্নান ১৪ জুন সকালে, সিয়াম একই দিন বিকেলে এবং সর্বশেষ আফসানা আক্তার মিম ১৫ জুন রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।
নিহতদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের দলদলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান তিন ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে তিনি ঢাকায় গিয়ে কাঁচামালের ব্যবসা শুরু করেন। তার স্ত্রী সুলতানা বেগম একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।
তাদের ছেলে সিয়াম চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আর মেয়ে আফসানা আক্তার মিম স্থানীয় একটি মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, আব্দুল মান্নানের নিজস্ব সম্পদ বলতে গ্রামে প্রায় ৩২ শতাংশ জমি ছিল।
একই পরিবারের চার সদস্যের এমন করুণ মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।