পূর্বধলায় মোবাইল দোকানে চুরির রহস্য উদ্ঘাটন, গাজীপুর থেকে তিনজন গ্রেপ্তার
নেত্রকোণার পূর্বধলায় টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুর্বধলা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া বাইপাস এলাকায় দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হোগলা বাজারে অবস্থিত ‘সরকার টেলিকম’ নামের একটি দোকানে গত ১৩ মে দিবাগত রাতে চুরি হয়। দোকানের মালিক আনিস সরকারের অভিযোগ, বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন, এমবি ও মিনিট কার্ড, চার্জার, টর্চলাইট এবং মোবাইলের গ্লাসসহ প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়ে যায়।
এ ঘটনায় গত ১১ জুন পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই মো. রাশেদ হাসানের নেতৃত্বে একটি দল গত শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২১টি বাটন মোবাইল ফোন, ১২ প্যাকেট মোবাইল প্রটেকশন গ্লাস, ১০টি চার্জার টর্চলাইট এবং দুটি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্বধলার জামকোনা এলাকার সুমন (১৮), দিনাজপুর জেলার কোতোয়ালি এলাকার কাউসার আলী (৩৫) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার জুলহাস আকন (৩৮)। চুরির পরে তারা গাজীপুরের ভোগড়া বাইপাস মধ্যবাজার এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। চোরাই মালামালের অবশিষ্ট অংশ উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।