ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন
জামালপুরের ইসলামপুর উপজেলার ৭ নম্বর পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা উপলক্ষে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা মো. মমিনুল ইসলাম (মমিন খাঁন)।
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভাকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মো. মমিনুল ইসলাম (মমিন খাঁন) বর্তমানে ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা-এর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পার্থশী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
চেয়ারম্যান পদপ্রত্যাশী মমিন খাঁন বলেন, “আমি পার্থশী ইউনিয়নকে ভূমিদস্যুতা, বালুদস্যুতা ও দালালমুক্ত করে শিক্ষার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, পার্থশী ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করার পাশাপাশি শিক্ষা, শৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চান তিনি। একটি উন্নত, নিরাপদ ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় পার্থশী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন মো. মমিনুল ইসলাম (মমিন খাঁন)।