নেত্রকোণা, ২৪ অক্টোবর, ২০২৬ বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত দিনব্যাপী বাবুই শিশুসাহিত্য উৎসবে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য সেরা লেখক সম্মাননা লাভ করেছেন নেত্রকোণার কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ।
আজ শনিবার সকালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ ফিতা কেটে ও জাতীয় সংগীতের মাধ্যমে রাজধানী ঢাকার শিশু একাডেমিতে দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ‘শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা’ বিষয়ক প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবুর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা।
কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী ও শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।
সারাদেশ থেকে আগত তিন শতাধিক শিশুসাহিত্যিকের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, কবিতা পাঠের আসর, লেখকদের তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী এবং জাতীয় পত্রিকার শিশু সাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে লেখকদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়।
দিনশেষে আয়োজিত সম্মাননা প্রদান পর্বে ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ তুলে দেওয়া হয়।
এতে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য অন্যদের সঙ্গে সম্মাননা অর্জন করেন নেত্রকোণার সাহিত্যিক এনামূল হক পলাশ।
সম্মাননাপ্রাপ্ত লেখকদের অনুভূতি প্রকাশ ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।