মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের দয়াময়ী চত্বরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২৪ অক্টোবর গোপালগঞ্জে মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। পরদিন ২৫ অক্টোবর পিরোজপুরে তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের উদ্যোগ নেওয়া হলে একটি স্বাধীনতাবিরোধী চক্র তাতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নির্বাহী সদস্য ও জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিরাজুল হক এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
বক্তারা বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।