পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
নেত্রকোনার পূর্বধলায় মো. সাগর আহম্মেদ নামে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল, প্রাণনাশের হুমকি ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৬) নামে এক বিএনপি কর্মীর ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
আজ রোববার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গত শনিবার বেলা ১২টার দিকে উপজেলার আগিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জিডি সূত্রে জানা গেছে। পরে রাতেই এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক সাগর।
ভুক্তভোগী সাগর আহম্মেদ দৈনিক জবাবদিহি পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুধি বাজারে সাগর আয়রন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
জিডির আবেদনে সাগর আহম্মেদ উল্লেখ করেন, শনিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আগিয়া বাজারে একটি চায়ের দোকানে বসেন। সেখানে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার পাশাপাশি মোবাইল ফোনে দেশের খবরাখবর দেখছিলেন। এ সময় তাঁদের কথোপকথন শুনে পাশ থেকে উঠে এসে জহিরুল ইসলাম তাঁর সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের মামলা ও হামলার ভয়ভীতি দেখান।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জহিরুল তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নেন এবং সাংবাদিকতা কীভাবে করেন, তা দেখে নেওয়ার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত পান তিনি।
জিডিতে সাগর আহম্মেদ আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির হুমকির কারণে তাঁর ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ভবিষ্যতে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, ওইদিন সাগর বাজারে বসে নড়াইলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ভুয়া তথ্য স্থানীয় লোকজনকে জানাচ্ছিলেন। নিজের মোবাইলে দেখে দেখে এসব তথ্য মানুষকে জানাচ্ছিলেন। এমন ভুয়া তথ্য ছড়ানোতে আমাদের দলের বদনাম হচ্ছে- তাই তাকে এমন তথ্য না ছড়াতে বলি। এতে সাগর আমার ওপর ক্ষিপ্ত হয়। পরে দুজন দুজনের দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে যাই, তবে উপস্থিত লোকজন আমাদের থামিয়ে দেয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।