পূর্বধলার পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪
নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রয়েছেন।
সরকার পতন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল রবিবার (২২ নভেম্বর) বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চন্দন কুমার কুন্ডু রায় (৪৬), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল (৪৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ (৪৭) এবং বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক হাসান আল আমিন।
পুলিশ সূত্রে জানা গেছে, আশিক হাসান আল আমিনকে গতকাল রবিবার বিকেলে গ্রেপ্তার করা হয়। তাকে পূর্বধলা থানার ২২ আগস্টের মামলা নম্বর ৩০-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলাটিও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা হয়েছে।
অন্যদিকে, চন্দন কুমার কুন্ডু রায়, সিরাজুল ইসলাম ও হারুন অর রশিদকে ২২ নভেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার হোগলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের পূর্বধলা থানার ৬ আগস্টের মামলা নম্বর ১০-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলাটিও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার চারজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।