
জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার
আসন্ন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। এবারের নির্বাচনে জারিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার জারিয়া ইউনিয়নের দেওটুকোন বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক।
গদীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাঘাটের চলাচল উপযোগী করতে নিজস্ব অর্থায়নে সুরকি বিছানো, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদানসহ নানা জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করছেন।
এলাকাবাসীর একাংশের মতে, আব্দুল লতিফ তালুকদার সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। একজন সৎ, যোগ্য ও কর্মঠ ব্যক্তি হিসেবে তিনি ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান অনেক ভোটার।
নিজের প্রার্থিতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার বলেন,
“আমি কোনো পদ-পদবির লোভে নয়, বরং জারিয়া ইউনিয়নবাসীর একজন প্রকৃত সেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আমি জারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক এবং মতবিনিময় সভা করছেন। স্থানীয় ভোটারদের কাছ থেকেও তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই জারিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা বাড়ছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদারও মাঠ পর্যায়ে ব্যাপকভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন