ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চৌরাস্তা মোড়ে সন্দেহজনকভাবে একটি প্রাইভেটকার তল্লাশি করে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Probox গাড়িও জব্দ করা হয়।
র্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড় এলাকায় ওত পেতে থাকে র্যাবের একটি বিশেষ টিম। সন্দেহভাজন একটি Probox গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করলে প্রথমে কিছু পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে র্যাব সদস্যরা অত্যন্ত সূক্ষ্মভাবে গাড়িটি পরীক্ষা করেন। একপর্যায়ে গাড়ির বডির ভেতর বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়, যেখানে অত্যন্ত কৌশলে ২৫ কেজি গাঁজা লুকানো ছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই চারজন মাদককারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মোঃ আলা উদ্দিন মিয়া (২০) এবং মোঃ নয়ন সরকার (১৯)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন স্থানে মাদক লুকিয়ে পরিবহন করত।
অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত Probox গাড়িটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।