
পূর্বধলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, ১ লাখ টাকার জাল ধ্বংস
নেত্রকোণার পূর্বধলায় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারী জাল’ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
মঙ্গলবার (২ জুন) উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর এলাকার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে কিছু অসাধু মৎস্য শিকারি দেশীয় মাছের পোনা, রেণু ও অন্যান্য জলজ প্রাণী আহরণে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করছে-এমন তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ। এ সময় পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ভবানীপুর এলাকার বিভিন্ন বিল ও উন্মুক্ত জলাশয় থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ বলেন, “চায়না দুয়ারী জাল দেশীয় মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে, ফলে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবৃদ্ধি ব্যাহত হয়।”
তিনি বলেন, উপজেলার কোথাও নিষিদ্ধ এ জাল তৈরি, বিক্রি বা ব্যবহার করা হলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন