
জামালগঞ্জে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা-২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের বিকল্প জীবিকা ও কৃষি উপকরণ সহায়তার লক্ষ্যে এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালগঞ্জ উপজেলার ৩ নম্বর ফেনারবাক ইউনিয়নের ১৯০টি ক্ষতিগ্রস্ত পরিবার এবং ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ১৩০ জন উপকারভোগীর মাঝে পরিবারপ্রতি ১০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বিকল্প জীবিকা সৃষ্টি এবং কৃষি কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ ডেনসিল পুডুয়ং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প অফিসার হুমায়ূন কবির। এ সময় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া, ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেনসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি ELSRP প্রকল্পের সকল মাঠ সহায়করাও অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের সহায়তা করেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে জরুরি সহায়তার পাশাপাশি টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কৃষি ও বিকল্প আয়ের কার্যক্রম পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন