
পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নেত্রকোণার পূর্বধলায় বাদে পুটিকা বাজার জামে মসজিদের নির্মাণাধীন মার্কেট ভেঙে ফেলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজার এলাকায় মসজিদ কমিটি ও সর্বস্তরের এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তিতে এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মসজিদের আয় বৃদ্ধির লক্ষ্যে ওই জায়গায় একটি মার্কেট নির্মাণের কাজ চলছিল। কিন্তু রাতের আঁধারে বিএনপি নেতা, কালাম মন্ডল এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আনোয়ার,বাশার মণ্ডলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত একযোগে অতর্কিত হামলা চালিয়ে নির্মাণাধীন মার্কেট ঘরটি গুঁড়িয়ে দেয়। হামলাকারীরা কেবল ঘরটি ভাঙচুরই করেনি, বরং নির্মাণসামগ্রী বিনষ্ট করে।
ম
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাতের আঁধারে সংঘটিত এই তাণ্ডবে মসজিদের প্রায় ৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে এ ধরনের হীন স্বার্থচরিয়ার্থমূলক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “মসজিদ আল্লাহর ঘর, আর এর সম্পদ রক্ষা করা আমাদের সবার আমানত। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতিসাধনকারী অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।” বক্তারা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। একই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উক্ত প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনে মসজিদ কমিটির সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পেয় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি জানান বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সাথে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন