
নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে ময়মনসিংহ শিক্ষা বোর্ড-এর অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এ বোর্ডে মোট ১ লাখ ৭ হাজার ৬৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
বোর্ড সূত্রে জানা যায়, জেলার ১৮৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রের আওতায় রয়েছে ১ হাজার ৩৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে ৮টা থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৫৬ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া বিজ্ঞান বিভাগে ৪৬ হাজার ৪১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৭২২ জন পরীক্ষার্থী রয়েছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৭৮ হাজার ৫৭৬ জন এবং অনিয়মিত (আংশিকসহ) পরীক্ষার্থী ২৭ হাজার ৬৫৭ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৩০৪ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী ১১৪ জন।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি ও ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন