
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বোরো ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে, ২০২৬) সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে রামগবিন্দপুর গ্রামের আবুল খায়ের ও শাহেদ আলী পক্ষের মাঝে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সকাল ১০টার দিকে জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ খায়রুল ইসলাম রতন ও মেহেদি হাসান মঞ্জুর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের আবুল খায়ের (৫৯) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— খায়রুল ইসলাম রতন (৪৫), মেহেদি হাসান মঞ্জু (৩৬), মাসুদ মিয়া (৪২), শহিদ মিয়া (৩৮) এবং আব্দুর রাজ্জাক (৪৫)। অন্যদিকে, ঘটনার পর উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন আব্দুস সালাম (৫০) ও মোখলেছুর রহমান (২৪) চিকিৎসকদের মতে তাদের অবস্থা আশঙ্কাজনক। গুরুতরভাবে আহত আবু হানিফা (৪৫), হেলাল মিয়া (৫০), মোস্তফা (৪৫), জয়নাল আবেদীন (৬৫), হুসনা আরা খাতুন (৪০), জোসনা আরা (৪০) এবং জনি মিয়া (১৭)।প্রতিপক্ষ শাহেদ আলী (৫০) ও আরও চারজন এ ঘটনায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল খায়ের অভিযোগ করে বলেন, “রতন ও মঞ্জু গংরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের সঙ্গে জড়িত। তারা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে ৯ জনকে রক্তাক্ত করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এদিকে, অভিযুক্ত মেহেদি হাসান মঞ্জু ও তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, “ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন